জুড়ীতে মুগ্ধ হানিফ

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৫:৫৮ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার জুড়ী শিশু পার্কে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ মুগ্ধতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, জিয়াউর রহমান এ দেশে সকল খুনের আসামি। তার উত্তরসূরি হিসেবে খালেদা জিয়া রাজাকার, আল বদরদের নিয়ে সেই পুরাতন হত্যা, খুন, রাহাজানি, সন্ত্রাসসহ জ্বালাও-পোড়াও ইত্যাদির রাজনীতি করে আদালতের রায়ে এখন কারাবন্দী। এছাড়া রাজাকার আল বদরদের ফাঁসি হয়েছে। এটাই তাদের কর্মের ফল।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার সেই জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এই বিশ্বাসকে ধারণ করে বাংলাদেশকে রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তার প্রতিফলন ঘটাতে যাচ্ছেন শেখ হাসিনা।

হানিফ বলেন, মৌলভীবাজারের জুড়ীতে এসে আমি মুগ্ধ হয়েছি। এ উপজেলা বাংলাদেশের জন্য একটি মডেল উপজেলা। এখানে নেতা-কর্মীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।

জুড়ী আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু ও সাবেক সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এম পি, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত