মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া সম্পাদক রহিমা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০৩:০৩ এএম

আওয়ামী লীগ সমর্থক জাতীয় মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। এক দশক পর গতকাল শনিবার অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া আক্তার। সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রহিমা আক্তার সাথী। 

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ

সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, মহিলা শ্রমিক লীগের বিদায়ী কমিটির সভাপতি রওশন আক্তার সাথী প্রমুখ।  

সম্মেলন উদ্বোধনের পর দ্বিতীয় অধিবেশনে সারা দেশের কাউন্সিলর ও প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি হয় বলে সাংবাদিকদের জানান বিপ্লব বড়–য়া।

তিনি আরও জানান, দুই বছর মেয়াদি এই কমিটিতে মহিলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি সুরাইয়া আক্তার সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়া কার্যকরী সভাপতি ও সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটির নেতারা আগামী এক সপ্তাহের মধ্যে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 

প্রসঙ্গত, ২০০৪ সালের মার্চে প্রথম সম্মেলনের মাধ্যমে জাতীয় মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়। আর সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। প্রায় ১০ বছর পর এ সম্মেলন হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত