৪২ দিন ছুটির পর সুপ্রিম কোর্টে আজ রবিবার নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও আদালতের অবকাশকালীন ছুটির কারণে গতকাল ১২ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
তবে এই সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ ও চেম্বার আদালত বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে।
এই সময়ের জন্য প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন এবং সেখানে বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও উচ্চ আদালতের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর আজ (১৩ অক্টোবর রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাৎ হবে।
