কুড়িগ্রামবাসীর নতুন ট্রেন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১০:১৩ পিএম

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে বইছে আনন্দের বন্যা। আগামী বুধবার রেলওয়ের পশ্চিম জোনের লালমনিরহাট বিভাগের কুড়িগ্রাম-ঢাকা রেলপথে ‘আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালু হতে যাচ্ছে। কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলবাসীর বহুল আকাক্সিক্ষত এ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ট্রেনের প্রয়োজনীয় কোচ গত শুক্রবার পার্বতীপুরে এসে পৌঁছেছে। 

গত শনিবার সন্ধে ৭টায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শফিকুর রহমান আগামী ১৬ অক্টোবর কুড়িগ্রাম ও ঢাকার মধ্যে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি প্রতিদিন কুড়িগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ২৫ মিনিটে। ঢাকা থেকে ওই দিনই রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৬টা ২০ মিনিটে কুড়িগ্রাম পৌঁছাবে।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, নতুন ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে এসে রংপুর ও বদরগঞ্জ রেলস্টেশন দাঁড়াবে। এরপর পার্বতীপুর এসে ডুয়েল গেজ রেলপথে জয়পুরহাট, মাধনগর ও নাটোর হয়ে ঢাকায় গিয়ে পৌঁছবে। ফিরতি পথে একইভাবে পার্বতীপুর হয়ে এ ট্রেন কুড়িগ্রাম গিয়ে পৌঁছবে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের বাসিন্দা মাজেদুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য এ ট্রেনটি ছিল দীর্ঘ আকাক্সিক্ষত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত