মাদক বিক্রেতার কাছ থেকে ইয়াবা কিনতে গিয়ে বিত-ায় জড়িয়ে পড়ার পর এলাকাবাসীর পিটুনিতে আহত হয়েছেন ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত এক পুলিশ সদস্য। গত রবিবার রাতে ঠাকুরগাঁও শহরের সত্যপীর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কনস্টেবল মোশারফ হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার
করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা দেশ রূপান্তরকে জানায়, কনস্টেবল মোশারফ রাত ১০টা দিকে সত্যপীর সেতু এলাকায় এক মাদক বিক্রেতার কাছে ইয়াবা কিনতে গিয়ে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। এ সময় এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসে। তখন সেখান থেকে পালানোর চেষ্টা করলে কনস্টেবল মোশারফকে ধরে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী নূর ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘শহরের সত্যপীর ও হাজীর মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচা-বিক্রি হয়। এ কারণে এই এলাকায় বিকেলের পর থেকেই উঠতি বয়সের তরুণ ও মাদকাসক্তদের আড্ডা জমে।’
ঠাকুরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভির হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাস্থল থেকে কনস্টেবল মোশারফকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
ইয়াবা কিনতে গিয়ে পিটুনির শিকার হওয়ার ব্যাপারে জানতে চাইলে কনস্টেবল মোশারফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এই অভিযোগ সত্য নয়। আমি ষড়যন্ত্রের শিকার।’
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান মনির দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযুক্ত কনস্টেবল মোশারফকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’
