কারিনা কাপুর খান ও আলিয়া ভাটকে নিয়ে সম্প্রতি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (মামি) মঞ্চে হাজির হন করণ জোহর। সেখানে সিনেমা সম্পর্কিত আলোচনার ফাঁকে ফাঁকেই উঠে এসেছিল রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা।
ওই সময় কারিনা জানান, চাচাতো ভাইয়ের বিয়ে নিয়ে তারও কিছু পরিকল্পনা আছে। অবশ্য লজ্জায় লাল আলিয়া কোনো কথারই জবাব দিতে পারেননি।
কারিনাকে একবার কারণ জোহর জিজ্ঞেস করেছিলেন, ‘‘আলিয়া কি পরবর্তী কারিনা হবেন?’’ জবাবে তিনি বলেন, ‘‘ওর কারিনা হওয়ার কী দরকার? ও আলিয়াই হবে।’’
বিয়ের প্রশ্নে পাশ কাটিয়ে জবাব দেন আলিয়া। তবে সুযোগ হাতছাড়া করেননি ‘হিরোইন’ অভিনেত্রী। বলেন, ‘‘আলিয়া যদি আমাদের পরিবারের অংশ হয়, তবে আমি সবচেয়ে বেশি খুশি হবো।’’ ফোড়ন কেটে করণ বলেন, ‘‘আমি আর বেবো থালি হাতে দাঁড়িয়ে থাকব আলিয়াকে বরণের জন্য।’’
অবশ্য এই আলাপচারিতা নিয়ে ব্যঙ্গ করেছেন কেউ কেউ। যেমন; কঙ্গনা রনৌতের বোন ও ব্যবস্থাপক রঙ্গোলি টুইটে লেখেন, ‘‘এত দিন ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এবার ফিল্ম ফেস্টিভ্যালকেও কিটি পার্টি বানিয়ে ছাড়ল এরা।’’
আরেকটি টুইটে লেখেন, ‘‘মামি-র শেষ আলোচনা থেকে আমরা এটাই জানলাম, আলিয়া সবচেয়ে ভালো অভিনেত্রী। আর সে কারিনাজির ভাবি হবেন।’’
বর্তমানে কারিনা ও আলিয়া একাধিক সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে এর মধ্যে ‘স্পেশাল’ হলো করণ জোহর পরিচালিত ‘তাখত’। মুঘল সাম্রাজ্যের গল্প নিয়ে নির্মিতব্য এই ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করবেন কাপুর ও ভাট খানদানের জনপ্রিয় দুই নায়িকা।
