ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বের ম্যাচে ইউক্রেনের কাছে পর্তুগাল হারলেও দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ৭০০তম গোল করা পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার জানালেন, কোনো রেকর্ডের পেছনে ছোটেন না তিনি, রেকর্ডই তার পেছনে ছুটে!
কিয়েভে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ২-১ গোলে হারে পর্তুগাল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমানো গোলটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগাল ফুটবলের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে সাতশোতম গোলের মাইলফলক স্পর্শ করলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। এর আগে জার্মানির জার্ড মুলার, হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস, ব্রাজিলের পেলে, রোমারিও ও অস্ট্রিয়ার জোসেফ বিকান এই মাইলফলক স্পর্শ করেন।
অসাধারণ মাইলফলকটি স্পর্শ করার পর রোনালদো বলেন, “স্বাভাবিকভাবেই রেকর্ড আসে- আমি এসব খুঁজে বেড়াই না; রেকর্ডই আমার পেছনে ছুটে!”
“আমার কতগুলো রেকর্ড আছে? আমি জানি না। আমি কেবল মুহূর্তগুলো উপভোগ করতে চাই। এই অসাধারণ মাইলফলকে পৌঁছাতে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ।”
