যুবকের মাথা ফাটানোর অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০১:৫৯ এএম

গাজীপুরে সালিশ থেকে উঠিয়ে নিয়ে ফারুক আহমেদ (৩০) নামের এক যুবককে রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। সাদা কাগজে সই না দেওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা এলাকায় কাউন্সিলরের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে ওই যুবক অভিযোগ করেন।

ফারুক ইটাহাটা এলাকার আবুল কাসেমের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি মো. ইদ্রিস আলী। তিনি গাজীপুর নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

আহত ফারুক আহমেদ অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিষয় নিয়ে তার অভিযোগের ভিত্তিতে গতকাল নগরীর ইটাহাটার মতি মার্কেটের কাছে রওশন আলীর বাড়িতে সালিশ বৈঠক বসে। স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনেকে সালিশে উপস্থিত ছিলেন। একপর্যায়ে তাকে ও তার বাবাকে সাদা কাগজে সই দিতে বলা হয়। তিনি সই দিতে অস্বীকার করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিস আলী সহযোগীদের নিয়ে সালিশ থেকে তাকে উঠিয়ে নিয়ে লোহার রড দিয়ে মারধর করেন। এতে তার মাথা ফেটে যায়। হাসপাতালে তার মাথায় ৭টি সেলাই দিতে হয়েছে।

এ অভিযোগের বিষয়ে ইদ্রিস আলী বলেন, ফারুক তার চাচাত ভাই। মুরুব্বিদের সঙ্গে উচ্চবাচ্য করায় বড় হিসেবে একটি থাপ্পড় দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত