ধর্ষণচেষ্টার অভিযোগ যুগ্ম সচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০১:৫৬ এএম

রাজধানীর বংশালে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (ইউপিইএইচডিপি) প্রকল্প পরিচালক যুগ্ম সচিব আবদুল খালেকসহ (৫৩) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গত বুধবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বংশাল থানাকে তদন্তের নির্দেশ দেয়।

বংশাল থানার ওসি শাহিন ফকির গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, আদালতের নির্দেশপ্রাপ্ত হয়ে অভিযোগের সত্যতা যাছাই করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছি তদন্তকারী কর্মকর্তা মীর রেজাউল ইসলামকে। তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম জানান, মামলার অপর আসামিরা  হলেনÑ অন্তর (৩৫), আবু বক্কর প্রধান (৪৫), রবিউল ইসলাম রবি (৩৮) ও মিল্টন (৪০)।

থানা পুলিশ ও আদালত সংশ্লিষ্টরা জানান, ওই নারী গত ২১ সেপ্টেম্বর চাকরির খোঁজে ঢাকার সায়েদাবাদ জনপথ মোড়ে যান। সেখানকার একটি প্রতিষ্ঠান থেকে ফেরার পথে তার পূর্বপরিচিত অন্তর ও আবু বক্করের সঙ্গে দেখা হয়। তারা সিটি করপোরেশনে একটি ভালো চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একজন ‘বড় স্যারের’ সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাকে বংশালের সিদ্দিক বাজারের এলাহি ভবনে নিয়ে যান। সেখানে দ্বিতীয় তলায় একটি কক্ষে তারা তাকে আটকে রেখে এক লাখ টাকা দাবি করেন। পরে ওই কক্ষে রবিউল ও মিল্টন নামের দুজন ওই নারীকে আবদুল খালেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘স্যারকে খুশি করতে পারলেই তোমার চাকরি হয়ে যাবে।’ এ কথা বলে তারা সেখান থেকে বেরিয়ে যান। এরপর আবদুল খালেক ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টা করলে ওই নারীকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মেরে চলে আসেন আবদুল খালেক। এ কথা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত