‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ নিহত ৪

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০২:৪৭ এএম

দেশের তিন জেলায় গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ও বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ছাড়াও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়পুরহাটের পাঁচবিবিতে অপহরণ মামলার আসামি ও ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘ডাকাত’ নিহত হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কক্সবাজার : টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন রোহিঙ্গা নিহত          

হন। বিজিবির ভাষ্য, তারা ইয়াবা কারবারি ছিলেন। গত বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং নাফ নদীর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়া কুতুপালং ক্যাম্পের সোলতান আহমদের ছেলে আবুল হাসিম (২৫) ও আবু ছিদ্দিকের ছেলে নুর কামাল (১৯)।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবেÑ এমন গোপন সংবাদে বিজিবির সদস্যরা হোয়াইক্যং সীমান্তের নাফ নদীর পাড়ে অবস্থান নেন। এ সময় কিছু লোক এপারের সীমান্তে ওঠার চেষ্টা করলে পাচারকারী হিসেবে তাদের চ্যালেঞ্জ করে আটকের চেষ্টা চালানো হয়। কিন্তু বিজিবির সংকেত অমান্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দেশে তৈরি একটি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। তখন হাসিম ও কামালকে মাটিতে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে; পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট : পাঁচবিবিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হন। পুলিশ বলছে, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ভ‚তগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আমিনুল উপজেলার পেয়ারা গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ ৮টি মামলা রয়েছে।

পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, ভ‚তগাড়ী গ্রামে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী সদস্যরা একত্র হয়েছেÑ এমন গোপন সংবাদে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে নিহত হন আমিনুল। এ সময় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ : গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে মোতালেব হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ডিবির ভাষ্য, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার রসুলপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। রসুলপুর ছয়ানি গ্রামের বাসিন্দা মোতালেব পাঁচটি ডাকাতি মামলার আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দুটি টিম ওই স্থানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটে। তবে গুলিবিদ্ধ অবস্থায় মোতালেবকে গ্রেপ্তার করে পুলিশ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত