পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, রোহিঙ্গাদের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে বন্য হাতির আবাসস্থল। প্রায় ১০ হাজার গভীর নলক‚প থেকে প্রতিদিন পানি উত্তোলনের ফলে শুকিয়ে যাচ্ছে পানির স্তর। এ অবস্থায় তিনি সেখানে গাছ কাটা ও হাতির করিডর করার ওপর গুরুত্বারোপ করেন।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংসদীয় কমিটির এ বৈঠকে সভাপতি সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, উখিয়া ও টেকনাফের পাহাড় দখল করে রোহিঙ্গা বসতি গড়ে ওঠায় ৬৩টি হাতি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এ কারণে হাতিগুলো লোকালয়ে চলে আসছে এবং বন্য হাতিও রয়েছে ঝুঁকির মধ্যে। এ জন্য সরকারের হাতিগুলোকে সুরক্ষা দিয়ে যাতায়াতের করিডর করার পরিকল্পনা রয়েছে। একইভাবে ক্ষতি হয়ে যাওয়া পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার।
তিনি বলেন, অনুমতি না নিয়ে নিজস্ব কম্পাউন্ডে গাছ কাটায় এখন কর্তনকৃত এসব গাছ বিক্রি ও বাইরে কোথাও নিয়ে যেতে পারবে না আরআরআরসি। এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
