প্রোটিয়াদের বিপক্ষে রোহিতের আরও একটি সেঞ্চুরি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৩:০৬ পিএম

দক্ষিণ আফ্রিকাকে যেন পেয়ে বসেছেন ভারতের রোহিত শর্মা। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিজেকে আবারও চেনালেন। ফর্মের তুঙ্গে থাকা ডানহাতি এই ব্যাটার রাঁচি টেস্টে তুলে নিয়েছেন দাপুটে এক সেঞ্চুরি।

সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি গড়ে দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছে রোহিত। তিন অঙ্ক স্পর্শের পথে ৮৬ বলে অর্ধশতকের দেখা পান তারকা এ ব্যাটসম্যান। পরের পঞ্চাশ করেন মাত্র ৪৪ বলে!

সেঞ্চুরি পূর্ণ করতে ১২৮টি বল খেলেন রোহিত। এর মধ্যে আটটি চার ও একটি ছক্কা হাঁকান টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ সদস্য।

তিন ম্যাচের এই টেস্ট সিরিজে এই নিয়ে তিনটি শতক হাঁকালেন রোহিত। এর আগে বিশাখাপত্তমে প্রথম টেস্টে উভয় ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি। ম্যাচটিতে ২০৩ রানের জয় পেয়েছিল ভারত।

পুনেতে ইনিংস ও ১৩৭ রানে জয় পাওয়া দ্বিতীয় টেস্টে আশানুরূপ জ্বলতে পারেননি রোহিত। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪ রানে কাগিসো রাবাদার বলে উইকেট ছাড়া হতে হয়েছিল তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত