বিপিএলে লেগ স্পিনার খেলানোর এ সিদ্ধান্ত বিস্ময়কর: সাকিব

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৫:৫৫ পিএম

ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর বিপিএল এবার আয়োজিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব ব্যবস্থাপনায়। থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। নিজস্ব আয়োজন বলে বিসিবি কিছু সুনির্দিষ্ট নিয়মও করে দিতে চায় দলগুলোকে। যার একটি প্রতিটি দলে অন্তত একজন করে লেগ স্পিনার একাদশে থাকতে হবে এবং ৪ ওভার বল করাতে হবে।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড় তৈরির জন্যই এই সিদ্ধান্ত বলে সম্প্রতি জানিয়েছে বিসিবি। তবে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার তো সরাসরি বলে দিচ্ছেন, ‘বিপিএল খেলোয়াড় তৈরির ক্ষেত্র নয়।’ একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের দুর্বল কাঠামো ও অপর্যাপ্ত ট্রেনিং সুবিধার দিকেও আলোকপাত করছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলে একজন লেগ স্পিনারের হাহাকার অনেক দিন ধরেই। সেটি থেকে মুক্তি পেতে বিসিবি বেশ উদ্বিগ্নই বলতে হবে। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একাদশে লেগ স্পিনার না খেলানোয় দুই দলের কোচকে বরখাস্তও করে বিসিবি।

একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে ক্রিকইনফোয় প্রকাশিত প্রতিবেদনে সাকিব বলছেন, ‘আত্মবিশ্বাস ও দৃঢ়তা বাড়াতে আমার মনে হয় লেগ স্পিনাররা প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক বেশি বল করতে পারে। কিন্তু বিপিএল আন্তর্জাতিক মানের আসর। এখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেটাররা থাকেন। তাদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করে অনেক কিছু অর্জন করবেন খেলোয়াড়রা। আন্তর্জাতিক ক্রিকেটে কী ধরনের পরিস্থিতিতে পড়তে হতে পারে সেগুলো মোকাবিলা করবে খেলোয়াড়রা। কিন্তু বিপিএল কখনোই খেলোয়াড় তৈরির জায়গা না।’

সাকিব যোগ করেন, ‘এত বছর আমরা জাতীয় লিগে লেগ স্পিনার খেলাতে পারলাম না। হঠাৎ করে বিপিএলে সাতটা দলে লেগ স্পিনার খেলানোর পরিকল্পনা করা হলো। এই সিদ্ধান্তগুলো একটু হলেও বিস্ময়কর। এরপরও বলব বোর্ড যেটা ভালো মনে করে করবে।’ শুধু লেগ স্পিনার নয়, বিসিবি চায় বিপিএলে প্রতিটি দলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন এমন বিদেশি খেলোয়াড় নিশ্চিত করতে।

সাকিব কথা বলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি নিয়েও। ঘরোয়া ক্রিকেটের কাঠামো উন্নতিতে সবচেয়ে বেশি নজর দেওয়ার দাবি তার, ‘ঢাকার বাইরে যে ক্রিকেট আছে সেগুলোতে নজর দিতে হবে। শুধু ঢাকা বা চট্টগ্রাম বাংলাদেশের ক্রিকেট নয়। খুলনা, সিলেট বা অন্যান্য যে ভেন্যুতে বিদেশি দলকে নেওয়ার সুযোগ আছে, সেই সিরিজগুলো ওই ভেন্যুতে হতে পারে। শুধু জাতীয় দলকে নিয়ে ফোকাস করা আমার মনে হয় সংগঠকদের মূল কাজ না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত