রোহিত-রাহানের দাপটে প্রথম দিন ভারতের

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৬:৩৯ পিএম

বিশাখাপত্তনমে, পুনের পর রাঁচিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপট অব্যাহত রেখেছে ভারত। শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা। বৃষ্টি আর আলোক স্বল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত সফরকারী বোলারদের ভুগিয়ে গেছেন রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে। রোহিত তুলে নিয়েছেন সেঞ্চুরি। একই পথে হাঁটছেন রাহানে।

এদিন ৫৮ ওভার খেলা হয়েছে। ৩ উইকেটে ২২৪ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। রোহিত ১১৭ রানে অপরাজিত আছেন। রাহানে অপরাজিত ৮৩ রানে। এদিন কম খেলা হওয়ায় রবিবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে শুরু হবে খেলা।

টস হেরে বোলিং করতে নেমে প্রোটিয়াদের শুরুটা ছিল অন্যরকম। পঞ্চম ওভারেই মায়াঙ্ক আগারওয়ালকে (১০) ফিরিয়ে দেন কাগিসো রাবাদা। ভারতের দলীয় রান তখন মাত্র ১২। আর ৪ রান যোগ করতেই এরপর চেতেশ্বর পুজারাও ফেরেন রাবাদার শিকার হয়ে। দলীয় ৩৯ রানে বিরাট কোহলি এলবিডব্লিউ হন আনরিক নর্তিয়ের বলে। মাত্র ১২ রান করতে পেরেছেন কোহলি।

কিন্তু এরপর আর প্রোটিয়া বোলারদের কোনো সুযোগ দেননি রোহিত-পুজারা। অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ১৮৫ রান যোগ করেছেন দুজনে। রোহিত প্রথম টেস্টে করেছিলেন জোড়া সেঞ্চুরি। পুনেতে ভালো করতে না পারলেও এদিন সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন। টেস্টে যা তার ষষ্ঠ শতক। এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও গড়েছেন ভারত ওপেনার।

১৩০ বলে সেঞ্চুরি পূরণ করেন রোহিত। দিন শেষে অপরাজিত ১১৭ রান করেছেন ১৬৪ বলে। ১৪টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা। রাহানে অপরাজিত ৮৩ রান করেন ১৩৫ বলে। ১১টি চারের সঙ্গে ১টি ছক্কায় সাজানো তার ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত