সড়ক দুর্ঘটনায় বরিশালে মা-ছেলে, ঝিনাইদহে তিন নারী, সিলেটের বিয়ানীবাজারে দুই খালাতো বোন, হবিগঞ্জের বাহুবলে ট্রাকচালক ও সহকারী, নীলফামারীতে বৃদ্ধা এবং রাজধানীর মগবাজারে ওয়ার্কশপকর্মী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
ঝিনাইদহ : শহরের লাউদিয়া এলাকায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সাগর হোসেন নামের ট্রাক হেলপারকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুনের (৩৫) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত অজ্ঞাত অপর দুই নারীর বয়স আনুমানিক ৩৮ ও ৩৩।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহিন্দ্রাটিকে সজোরে ধাক্কায়। এতে ট্রাক ও মাহিন্দ্রা রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হন পুকুরের পাড়ে থাকা একটি চায়ের দোকানিসহ ৮ জন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় আটক করা হয় ট্রাকের চালকের আসনে থাকা হেলপার সাগর হোসেনকে।
বরিশাল : ট্রাকের সঙ্গে তিন চাকার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) এবং তার ছেলে শিপন (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও চারজন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে নগরীর সাগরদী আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারা বেগম নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী ও শিপন তাদের ছেলে। ডাক্তার দেখানোর জন্য বরিশালে এসেছিলেন তারা। ফেরার পথে পরিবারের সদস্যরা ওই দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী জানান, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
সিলেট : বিয়ানীবাজার উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে খালাতো দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই কামারগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রী তাহমিনা বেগম (১৭) ও তার খালাতো বোন তিন্নি বেগম (৮)। দুর্ঘটনায় নারীসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের কামারগ্রাম এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাহমিনা বেগম মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শিশু তিন্নির। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা অটোরিকশায় রওনা হয়েছিলেন।
হবিগঞ্জ : দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাইপবোঝাই একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালক। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত আড়াইটায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে। নিহতরা হলেন ট্রাকচালক বাবু মিয়া (৩৫) ও হেলপার রহমত আলী (২৫)। দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাকরাজপাড়ায়। আহত অপর ট্রাকচালক শাহ আলমকে (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উত্তর রসুলপুর গ্রামে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, শায়েস্তাগঞ্জের অলিপুরে আরএফএলের কারখানা থেকে পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৪) সিলেট যাওয়ার সময় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৬৩১৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মারা যান পাইপবোঝাই ট্রাকের চালক বাবু মিয়া ও হেলপার রহমত আলী। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নীলফামারী : সড়ক দুর্ঘটনায় গৃহবধূ আলিমন বেওয়া (৫০) নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর-কচুকাটা সড়কের আরাজি মানুষমারা গ্রামে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ সয়ম তার সঙ্গে থাকা নাতনি কলেজছাত্রী হাবিবা আকতার (১৭) গুরুতর আহত হন। নিহত আলিমন বেওয়া পঞ্চপুকুর ইউনিয়নের চ্যাংমারী গ্রামের মৃত আফছার আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিমন বেওয়া নাতনি হাবিবা আকতারকে নিয়ে ইজিবাইকযোগে জেলা সদরের কচুকাটা থেকে পঞ্চপুকুরের চ্যাংমারী গ্রামে ফিরছিলেন। এ সময় পঞ্চপুকুর থেকে কচুকাটাগামী একটি ট্রাক (রংপুর ট-১১-০৪৮২) ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলিমন বেওয়া। স্থানীয়রা আহত হাবিবা আকতারকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, চালক আবুল কালামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা : মগবাজারে বাসের ধাক্কায় ভোলানাথ (৪৫) নামে এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাস ও এর চালককে আটক করেছে পুলিশ।
নিহতের শ্যালক তাপস সরকার জানান, ঢাকার কেরানীগঞ্জে পরিবার নিয়ে থাকতেন ভোলানাথ। মগবাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি। সকালে বাসা থেকে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বড় মগবাজার গ্র্যান্ড প্লাজার সামনে গাজীপুর পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
