নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জের ধরে রনি (৩০) নামে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে বন্দর সমরক্ষেত্র এলাকায় এঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার সালাউদ্দিন পলাশের ছেলে।
নিহতের বাবার পলাশ দেশ রূপান্তরকে জানান, রনি একটি মশার কয়েল ডিলারশিপের ব্যবসা করতো। রাতে মদনপুর থেকে আসার পথে কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে। হত্যাকারীরা রনির হাত ও পায়ের রগ কেটে দেয়।
পরে তার চিৎকারে আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সকালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, রাতে তাকে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক কোন দ্বন্দ্ব ও পূর্বশক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশে অভিযান চলছে।
