তিনটি ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে জয়

ই-গভর্নমেন্ট সূচকে ৫০ ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০২:৪৭ এএম

জাতিসংঘের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ৫০ ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্টের মোড়ক উন্মোচন, এটুআইর তিনটি নাগরিক সেবা উদ্বোধন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা জানান তিনি। বাসস।

সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ আইসিটি উন্নয়নের নানা ধাপ পেরিয়ে এসেছে। বর্তমানে জাতিসংঘের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে ১১৫ নম্বরে রয়েছে বাংলাদেশ। আগামী পাঁচ বছরে ৫০ ধাপ এগিয়ে যাবে। বাংলাদেশে এখন বিশ্বের ‘আধুনিক  আইটি সিস্টেম’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় সরকার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক কেবল দিয়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিচ্ছে। প্রায় সব শহরেই রয়েছে ফোরজি সেবা। আগামী দুই বছরের মধ্যে ৪০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করবে আইসিটি বিভাগ।

আইসিটি উপদেষ্টা বলেন, ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিস পাইলট প্রজেক্টের মাধ্যমে প্রায় ২০ লাখ নাগরিককে সেবা দেওয়া হবে। ২০২১ সালের মধ্যে ৩০০ মিউনিসিপ্যালিটিতে এই সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

পরে আইসিটি উপদেষ্টা ‘ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান’ রিপোর্টের মোড়ক উন্মোচনের পাশাপাশি পাইলট প্রকল্প হিসেবে ‘ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিসেস সিস্টেম’, তিনটি ওয়ান স্টপ নাগরিক সেবা ‘একসেবা’, ‘একপে’ এবং ‘একশপ’-এর উদ্বোধন করেন। এ ছাড়া তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ১০০ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মধ্যে ১০০টি ল্যাপটপ বিতরণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ‘একসেবায়’ এখন পর্যন্ত ১৬২টি সরকারি সেবা রয়েছে। এই সেবা পেতে নাগরিকদের ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ে বা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে যেতে হবে না। পর্যায়ক্রমে এতে আরও তিন হাজার সেবা অন্তর্ভুক্ত করা হবে। ‘একপে’-এর মাধ্যমে সরকারি বিভিন্ন ইউটিলিটি সেবার বিল ও অন্যান্য ফি এক জায়গা থেকেই দেওয়া যাবে। আর ‘একশপ’-এর মাধ্যমে দেশের যেকোনো জায়গা থেকে উৎপাদক বা উদ্যোক্তারা ই-কমার্সে তাদের পণ্য বিক্রি করতে পারবে।’

এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) উদ্যোগে ‘ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিসেস সিস্টেম’ পাইলট প্রকল্পের অধীন পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ সিটি করপোরেশন ও ৯টি পৌরসভা ফরিদপুর, গোপালগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, টুঙ্গিপাড়া, পীরগঞ্জ, সিংড়া, তারাব ও রামগতিতে ‘ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে নাগরিক সেবা’ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং-ইল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত