রাজধানীর গাবতলি ও সাভারের আমিন বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রবিবার রাতে গাবতলি ও আমিনবাজার থেকে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন উগ্রবাদী বই, ভিডিও, কবিতা, বয়ান, লিফলেট, মোবাইল, ল্যাপটপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে। তারা শীঘ্রই নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার মুফতি সাইফুল ইসলাম (৩৪), ব্রাহ্মণবাড়ীয়া জেলার মো. সালিম মিয়া (৩০), মুন্সীগঞ্জ জেলার জুনায়েদ (৩৭), সুনামগঞ্জ জেলার আহম্মেদ সোহায়েল (২১)।
এদের মধ্যে মুফতি সাইফুল ইসলাম বর্তমানে উত্তর বাড্ডায় একটি নৈশ মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি ছাত্র জীবন থেকে হরকাতুল জিহাদের সাথে যুক্ত ছিলেন। সালিম মিয়া বর্তমানে হাজারিবাগে থেকে একটি লিফট কোম্পানিতে চাকরী করেন। মো. জুনায়েদ হোসেন সাভারের হেমায়েতপুর এলাকায় একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক এবং আহম্মেদ সোহায়েল একটি মাদ্রাসার মিসকাত জান্নাত শ্রেণির ছাত্র বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৪ এর সিও মোজাম্মেল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। গ্রেপ্তারকৃতরা সাভারের আমিনবাজারে পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হওয়ার চেষ্টা করছিল।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে, তাদের মতে এই ব্যবস্থা তাগেদি বা বাতিল। ইসলামি খেলাফত প্রতিষ্ঠায় যারা বিরোধ সৃষ্টি করে তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করাই আনসার আল ইসলামের মূল উদ্দেশ্য।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
