আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতির দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বুধবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের সভাপতি পদ গ্রহণ করেন দেশটির সাবেক এই অধিনায়ক। পরে কথা বলেন সংবাদমাধ্যমে।
এ সময় বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে সব ধরনের সহযোগিতার কথা জানান সৌরভ। এমনকি ‘কলকাতার মহারাজ’ খ্যাত এই সাবেক ক্রিকেটার এভাবে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোহলি।’
সৌরভ বলেন, ‘এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরাট কোহলি। আমি তার সঙ্গে কথা বলব। তাকে কীভাবে সাহায্য করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব।’ বৃহস্পতিবারই কোহলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সৌরভের।
কোহলির অধিনায়কত্বে টানা সাফল্য পেয়ে চলেছে ভারত। সদ্যই দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে। ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের কৃতিত্বও অর্জন করেছে ভারতীয় ক্রিকেট দল।
বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ বলেন, ‘বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলকে একটা নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে। আমরা ওর সঙ্গে ছিলাম, আমরা ওর সঙ্গে থাকব।’
মহারাজা অব ভিজিয়ানাগারাম-এর পর সৌরভ গাঙ্গুলিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি বিসিসিআইয়ের সভাপতির পদে বসলেন। নিজে অধিনায়ক থাকার সময় যেভাবে সাহায্য পেয়েছেন বোর্ড থেকে, সেভাবে কাজ করতে চান সৌরভ। জগমোহন ডালমিয়া, এল শ্রীনিবাসনকে আদর্শ মানতে চান এ ক্ষেত্রে।
অধিনায়ক হিসেবে সৌরভ ছিলেন দারুণ সফল। তার অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট পায় নতুন মাত্র। বোর্ড সভাপতির পদেও কাজ করতে চান সেভাবে।
সৌরভ তাই সরাসরি বলে দিলেন, ‘আমি কোনো কিছুর সঙ্গে আপোস করে চলতে পারি না। যেভাবে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছিলাম, সেভাবেই এখানেও কাজ করব। ভারতীয় ক্রিকেট বোর্ডকে দুর্নীতিমুক্ত করব।’
যোগ করে সৌরভ বলেন, ‘মনে আছে, যখন অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলাম, তখন সব এলোমেলো হয়ে গিয়েছিল। হাতে করে ভারতীয় ক্রিকেট দলকে আমি গুছিয়েছি। এবারেও বোর্ডের হয়ে সেই কাজটাই আমাকে করতে হবে।’
