জাজিরা উপজেলার পদ্মা নদীতে মা-ইলিশ ধরতে গিয়ে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে স্বপন মোল্যা (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পালেরচর এলাকার এ ঘটনায় চার জেলেকে আটক করেছে পুলিশ।
স্বপন মোল্যা উপজেলার হাসেম ফরাজীকান্দি গ্রামের হাকিম মোল্যার ছেলে। স্থানীয়দের উদ্ধৃত করে জাজিরা থানার পরিদর্শক নাসির উদ্দিন শেখ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ভোরে স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে মা-ইলিশ ধরতে যান স্বপন ও তার সহযোগীরা। পালেরচর বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বপন আহত হন। স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চার জেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
