মমর ‘আগামীকাল’

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১১:০০ পিএম

‘আমি অনেক সাধারণ, ভণিতাহীন আর স্পষ্টভাষী। তাই অনেকের অপছন্দের তালিকায় আমার নাম। তবে সত্যি বলতে, ভণিতা ছাড়াই যারা আমাকে আদর করেন, ভালোবাসেন, দোয়া করেন তাদের জন্যই আমার এই পথচলা আজও সুগম। তাদের প্রতি আমার আকণ্ঠ শ্রদ্ধা আর ভালোবাসা অবিরাম। শেষ পর্যন্ত এই আদরেই থাকতে চাই আর সাধারণই

থাকতে চাই।’ কথাগুলো জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর ফেইসবুক থেকে নেওয়া। সম্প্রতি ফেইসবুকে একটি স্ট্যাটাসে এ কথাগুলোই লিখেছেন তিনি। মমকে যারা কাছ থেকে চেনেন তারা সবাই এই পোস্টের মর্মার্থ আগে থেকেই জানেন। কিন্তু এবার তিনি পোস্টের মাধ্যমে ভক্তদেরও জানিয়ে দিলেন ব্যক্তি মম সম্পর্কে। এটি একজন তারকার জন্য অনেক বড় একটি পদক্ষেপ। হলিউড বা বলিউডে এ ধরনের সততাকে বরাবরই বাহবা দেওয়া হয়। মম তার নিজস্ব চিন্তাধারা বজায় রেখেই কাজ করছেন গত এক যুগ ধরে। ছোটবেলায় নাচে জাতীয় পুরস্কার অর্জন, বড় হয়ে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম সিনেমা ‘দারুচিনি দ্বীপ’-এ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনÑ সবই খুব সাবলীলভাবে পেয়ে গেছেন তিনি। তাকে কোনোদিন হোঁচট খেয়ে পথ চলতে হয়নি। দর্শকের ভালোবাসা আর নির্মাতাদের আস্থা অর্জন করেছেন সেই শুরু থেকেই। তাই তো অনেকে তাকে ‘বিউটি উইথ ব্রেইন’ বিশেষণ দিয়ে থাকেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা পাশর্^-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘দহন’ সিনেমায় টিভি জার্নালিস্টের চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য এই স্বীকৃতি মিলেছে তার। তবে পুরস্কারের চেয়ে দর্শকের ভালোবাসাকেই বড় মনে করেন। তিনি বলেন, ‘কাজের ক্ষেত্রে সততা খুব দরকার। যখন যে কাজটি করি সততার সঙ্গেই করি। কারণ, এটি আমার পেশা ও নেশা। এখান থেকেই আমার জীবন-জীবিকা নির্বাহ হয়। দর্শকের যে ভালোবাসা পাই তার জন্য এক ধরনের দায়িত্ববোধও থাকে। এজন্য কাজে ফাঁকি দিয়ে তাদের ঠকাতে পারি না। এরপর পুরস্কার বা

স্বীকৃতি সব বাড়তি পাওয়া। তবে পুরস্কার পেতে ভালোই লাগে। অনুপ্রেরণা পাই আরও ভালো কাজের।’

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মম। অঞ্জন আইচ পরিচালিত সিনেমাটির নাম ‘আগামীকাল’। মমর বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। এই দুজনের সম্পর্কটা দারুণ। এর আগে নাটকে দেখা গেছে তাদের। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করেছেন তারা। আলাদাভাবে বেশ কিছু চলচ্চিত্রে হাজির হয়েছেন ইমন ও মম। তবে প্রথমবারের মতো তারা জুটি বাঁধলেন সিনেমায়। গত পরশু থেকেই এ দুই তারকাকে নিয়ে এর শ্যুটিং শুরু করেছেন পরিচালক। মম বলেন, ‘অঞ্জন আইচ আমার খুব প্রিয় একজন নির্মাতা। তার প্রতিটি কাজেই দারুণ গল্প থাকে। চরিত্রগুলোর একটা আকর্ষণ থাকে। চলচ্চিত্রেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। আমার চরিত্রটি ভালো লাগবে দর্শকের।’ ইমনের সঙ্গে কাজ করা নিয়ে তিনি বলেন, ‘ইমন মানুষ হিসেবে দারুণ। অভিনয়ও ভালো করে। তার সঙ্গে নাটকে কাজ করেছি। এবার সিনেমায়ও জুটি বাঁধলাম। আশা করছি আমাদের জুটি পছন্দ করবেন দর্শক।’

সাভারের আমিনবাজারে চলছে সিনেমাটির শ্যুটিং। এখানে টানা সব দৃশ্যের কাজ শেষ করার ইচ্ছে আছে পরিচালকের। এরপর কিছু গানের শ্যুটিং নিয়ে নতুন করে পরিকল্পনা করবেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন ইমন ও মম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত