পাস নেই: সোহেল রানাকে এফডিসিতে প্রবেশে বাধা!

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০২:৫১ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণে ভোট দিতে গিয়ে বাধা মুখে পড়েন সোহেল রানা।

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে ভোট দিতে এফডিসিতে যান এ জ্যেষ্ঠ অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। কিন্তু নির্বাচনী পাস না থাকায় তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।

এই সময় সোহেল রানাকে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পাস ছাড়া কেউ এফডিসিতে ঢুকতে পারবেন না।

পরে অন্য শিল্পীরা গিয়ে সোহেল রানাকে এফডিসির ভেতরে নিয়ে যান। তখন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে চলচ্চিত্র শিল্পীদের কোনো নির্বাচন হচ্ছে? এটা হচ্ছে পুলিশের নির্বাচন। আমার অভিনয়জীবনে এমন বাজে নির্বাচন কখনো দেখিনি।”

আরও বলেন, “চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে এত পুলিশ পাহারা কেন থাকবে? আগে এফডিসির সব নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখে মনে হচ্ছে এটা পুলিশের ক্যাম্প।”

এফডিসিতে সরেজমিন গিয়ে দেখা যায়, গেট থেকে পুরো এলাকা র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তায়। ভোটার ও বিশেষ প্রবেশপত্রের মাধ্যমে সাংবাদিক ছাড়া কেউই প্রবেশ করতে পারছেন না। এমনকি যে সকল শিল্পী ভোটার নন তাদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সকাল ৯টায় নিজের ভোট দিয়ে নির্বাচন শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, “‘গতবারের মতো যাতে কোনো ঝামেলা না হয় সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বুথের ভেতর কোনো প্রার্থী থাকতে পারবে না। তবে সিসি ক্যামেরা থাকবে। ভোট গণনার সময় প্রার্থীরা বাইরে বসে তা দেখতে পারবেন।”

এবার নির্বাচনে ১৮টি পদের জন্য ২৭ জন লড়ছেন। তিনটি পদে অন্য প্রার্থী না থাকায় আগেই ফলাফল চূড়ান্ত হয়ে গেছে।

২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯। এবারের নির্বাচনে প্যানেল মাত্র একটি- জায়েদ মিশা প্যানেল। বাকিরা স্বতন্ত্র লড়াই করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত