যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব কাউন্টি এসেক্সে লরির কন্টেইনার থেকে ৩৯ জনের যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের সবাই চীনের নাগরিক নন বলে দাবি করেছে বিবিসি। শুক্রবার রাতে সংবাদমাধ্যমটি জানায়, কমপক্ষে তিনজন ভিয়েতনামের হতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি ভিয়েতনামের তিনজন নাগরিকের খবর পেয়েছে যারা শঙ্কা করছেন লরিতে নিহতদের মধ্যে তাদের স্বজনেরা আছেন।
ফাম থি ট্র নামের ২৬ বছর বয়সী এক নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যিনি মঙ্গলবার মেসেজের মাধ্যমে জানান নিশ্বাস নিতে পারছেন না। খোঁজ মিলছে না এমন আরও দুজনের।
ফেরিতে করে বেলজিয়াম থেকে আসার কিছু সময় পর ওই ৩৯ জন মারা যান।
এর আগে এসেক্স পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৩৮ জন প্রাপ্ত বয়স্ক, একজন টিনেজার। তারা সবাই চীনের নাগরিক বলেও খবর দেয় পুলিশ।
মৃতদেহ ফেলার জন্য ওই লরিটি বুধবার ‘নিরাপদ’ স্থান খুঁজছিল।
সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী লরিচালককে নর্দান আয়ারল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনা লরিতে করে ভিনদেশে মানুষ পাচারকারী চক্রের ভয়াবহ চিত্রকেই সামনে নিয়ে এসেছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা।
এ ধরনের মৃত্যুর ঘটনা নতুন নয়। ২০০০ সালেও ডোভারে একটি লরিতে ৫৮ চীনা শরণার্থীর মৃতদেহ পাওয়া গিয়েছিল।
