লিভ টু আপিল খারিজ

আইনজীবী তালিকাভুক্তিতে বাধা কাটল শিক্ষার্থীদের

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৩:৩৯ এএম

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন ও ফরম পূরণের ড়্গেত্রে বাধা কাটল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) উত্তীর্ণ শিক্ষার্থীদের। তাদের নিবন্ধন ও ফরম পূরণ সম্পন্ন করা সম্পর্কিত হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিলের করা লিভ টু আপিল গতকাল রবিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি আদেশের অনুলিপি হাতে পাওয়ার ২০ দিনের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ সম্পন্ন করতে বার কাউন্সিলকে নির্দেশও দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যদের বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেয়।

এই আদেশের ফলে আইনজীবী তালিকভুক্তির পরীক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেছে। যাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করতে দেওয়া হয়নি তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এ এম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামান। আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় এ আদেশ দিয়েছে আদালত।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইনজীবী ব্যারিস্টার শামীম পাটোয়ারী জানান, বার কাউন্সিলের লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। রায়ের অনুলিপি পাওয়ার ২০ দিনের মধ্যে বার কাউন্সিলকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন (নিবন্ধন) ও ফরম পূরণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৪ সালের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন বিষয়ে শিক্ষার্থী ভর্তিতে ৫০ জনের আসন নির্ধারণ করে দেয়। ওই নির্দেশনা না মেনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিচ্ছিল না বার কাউন্সিল।

এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে সাউথইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি ও টাইমস ইউনিভার্সিটি ফরিদপুরের শিক্ষার্থীরা। এ ১১টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী রয়েছেন, যারা নিবন্ধন ও ফরম পূরণের সুযোগ পাননি।

এই শিক্ষার্থীরা নিবন্ধন ও ফরম পূরণে ব্যর্থ হয়ে রিট করেন হাইকোর্টে। পৃথক রিট আবেদনে শিক্ষার্থীদের নিবন্ধন ও ফরম পূরণের নির্দেশ দেয় হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে বার কাউন্সিল আবেদন করলে চেম্বার জজ তা নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় গতকাল এই আদেশ দিলেন আপিল বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত