বড়পুকুরিয়া কয়লাখনিতে ছাদ ধসে ২ শ্রমিক নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১০:১২ পিএম

দিনাজপুর পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নির্মাণাধীন সাব-স্টেশন ভবনের ছাদ ধসে গত রবিবার দুই শ্রমিক নিহতের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের তিন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রকৌশল বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আব্দুর রহমানকে। সদস্যরা হলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মো. আশিক হাসান ও পার্বতীপুর উপজেলা প্রকৌশলী মো. শামীম আক্তার।

আর বড়পুকুরিয়া খনি উপমহাব্যবস্থাপক মোহাম্মদ এসএম ইফতেখারুল আলম চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটির সদস্যরা হলেন– ব্যবস্থাপক (প্রকৌশল) জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক (ভাণ্ডার) আক্কাস আলী ও ব্যবস্থাপক (প্রশাসন) মুন্সী আলাউল হক। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান কামরুজ্জামান।

খনি ক্যাম্পাসে বিদ্যুৎ সাব-স্টেশন ভবনের ছাদ ঢালাইয়ের সময় গত রবিবার বিকেলে সেটি ভেঙে পড়লে নিচে কর্মরত শ্রমিক প্রশান্ত রায় (১৭) ও আকাশের (৩৬) মৃত্যু হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি মো. সুলতান মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত