উপদেষ্টা হওয়ার চিঠি পেলেন জয়নাল হাজারী

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৩:৩৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের ২৫ দিন পরে জয়নাল হাজারীকে দলের উপদেষ্টা করে চিঠি ইস্যু করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠি জয়নাল হাজারীকে হাতে দেওয়া হয়। জয়নাল হাজারী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে উপস্থিত হয়ে চিঠিটি গ্রহণ করেছেন।

এর আগে গত ২ অক্টোবর গণভবনে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর আলোচিত নেতা ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করার সিদ্ধান্তের কথা জানান। পরদিন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাজারীকে উপদেষ্টা করার বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত গণমাধ্যমে চিঠির কপি সরবরাহ করা হয়নি।

দলীয় সভাপতি শেখ হাসিনা সংগঠনের ২০তম সম্মেলনের (২২ ও ২৩ অক্টোবার ২০১৬ অনুষ্ঠিত) কাউন্সিল প্রদত্ত ক্ষমতায়  তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভাপতি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জয়নাল হাজারী শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করা হয় চিঠিতে।

উপদেষ্টা হওয়ার চিঠি হাতে পেয়েছেন বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ফেনীর আলোচিত নেতা জয়নাল হাজারী। তিনি বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে উপদেষ্টা হওয়ার চিঠিটি গ্রহণ করেছি।

যে সময় উপদেষ্টা করা হয়েছিল ওই সময় চিকিৎসার জন্য সিঙ্গাপুর অবস্থান করছিলেন জয়নাল হাজারী।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তবে সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে বিভিন্ন বিতর্কে জড়ান জয়নাল হাজারী। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। ফেনী থেকে হাজারিকা নামে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদক জয়নাল হাজারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত