কুকুরের তাড়া খেয়ে বাসের নিচে শিশুশ্রমিক

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৩:৩৯ এএম

ঝিনাইদহে কর্মস্থলে প্রবেশের মুখে কুকুর ধাওয়া দিলে সড়ক অতিক্রম করার সময় দ্রুতগামী বাসের চাপায় মারা গেছে ১২ বছর বয়সী গ্যারেজকর্মী। এ ছাড়া অন্যান্য সড়ক দুর্ঘটনায় রাজধানীর শ্যামলী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে দুজন করে এবং কিশোরগঞ্জের হোসেনপুর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, মাদারীপুরের শিবচর ও লক্ষ্মীপুরে একজন করে নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আবদুর রউফ ডিগ্রি কলেজের সামনে গতকাল সোমবার সকালে কুকুরের ধাওয়া খেয়ে বাসচাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। নিহত সুমন উপজেলার পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় সুমন। গ্যারেজের সামনে থাকা কুকুর সুমনকে ধাওয়া করে। এতে দ্রুত রাস্তা পার হতে গেলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যায়। চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কালু শাহ মাজার এলাকায় গত রবিবার রাত সাড়ে তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় ওই মাজারের নাইট গার্ড মোহাম্মদ আজম (৩৫) ও অজ্ঞাত এক তরুণ নিহত হয়েছেন। নিহত আজম সলিমপুর ইউনিয়নের কালু শাহ নগর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী অপর নাইট গার্ড আবুল খায়ের জানান, কালু শাহ মাজার এলাকার যাত্রীছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন মাজারের আজম। অপর এক যুবক যাত্রীছাউনির দেয়ালে কিছু একটা লিখছিলেন। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি যাত্রীছাউনিকে দুমড়ে-মুচড়ে নিয়ে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়।

কিশোরগঞ্জের হোসেনপুরে টমটম থেকে পড়ে সাহারা খাতুন (৭) নামে  এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ধূলিহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের সুজন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মামার বাসা থেকে নিজ বাসা নতুন বাজার আসার পথে ধূলিহর এলাকায় হঠাৎ শিশুটি টমটম থেকে ছিটকে সড়কে পড়ে। স্থানীয়রা শিশুটিকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। হোসেনপুর থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হৃদয় (২৭) নামে এক মোটরসাইকেল (পাঠাও) চালক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় পিডিকে পেট্রলপাম্পের সামনে গত রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। নিহত হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি এলাকার তানসিন মিয়ার ছেলে।

মাদারীপুরের শিবচরে ঢাকাগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ওমর ফারুক (২৮) নামে চালকের এক সহকারীর মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন দোতরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা হুগলি বিস্কুট কোম্পানির কাভার্ড ভ্যানটি সকালে কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন ওয়ানওয়ে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক গাড়িটির চালক বের হয়ে আসতে পারলেও চালকের সহকারী ডzবে যাওয়া গাড়িটির ভেতর আটকা পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যানের ভেতর থেকে ওমর ফারুকের লাশ উদ্ধার করে। নিহত ওমর ফারুক খুলনা মেট্রো এলাকার হালিম খানের ছেলে।

লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শারমিন আক্তার (৩৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন দালাল বাজার এলাকার হারুন অর রশিদের স্ত্রী।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।

রাজধানীর শ্যামলীতে গত রবিবার ট্রাকচাপায় এক ভ্যানচালক ও পথচারী নারীর মৃত্য হয়েছে। শ্যামলীর সড়ক ও জনপথ অফিসসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদাবর থানার এসআই হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তার উল্টো পাশ দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি (৫৫), তার ভ্যানে এক নারী (২৫) ছিলেন। একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত