চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার আনন্দবাজার এলাকায় এই ঘটনায় ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছেন ফরিদগঞ্জ থানা পুলিশের এএসআই মঞ্জুর হোসেন, পুলিশ সদস্য দেলোয়ার হোসেন ও ইসমাইল হোসেন। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, সহকারী উপ-পরিদর্শক মঞ্জুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কড়ৈতলী এলাকায় টহল দিতে যাচ্ছিলেন। আনন্দবাজার এলাকার পাশে পৌঁছালে বাগান থেকে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা পুলিশ ছুড়লে ডাকাতদল পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় একজনের লাশ পাওয়া যায়। একই সঙ্গে একটি এলজি ও দুটি রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগে গত রবিবার রাতে আনন্দবাজার এলাকার পার্শ্ববর্তী শাহাপুর গ্রামের আখনবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তিনটি বসতঘরে ঢুকে ডাকাতদল স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়।
