বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে রাশিয়া কারিগরি ও আর্থিক সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার আই ইগনাতভের নেতৃত্বে দেশটির স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান গস্নাভকসমসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৩ সালের মধ্যে সরকার মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেতৃত্বে কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে করণীয় চ‚ড়ান্ত করা হয়েছে।’
রাশিয়াকে বাংলাদেশের পরীক্ষিত অকৃত্রিম বন্ধু উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে যে সহায়তা করেছিল, তা ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত রাশিয়া যে সহায়তা করছে, তা প্রশংসাযোগ্য।’ এ সময় মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ডিজিটাল বিপ্লবে বাংলাদেশের অগ্রযাত্রার ধারাবাহিকতার সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। এ ছাড়া বাংলাদেশে টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ড়্গেত্রে রাশিয়ার সহযোগিতার সুযোগ রয়েছে।’
মন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ছাড়া আরও উপস্থিত ছিলেন গস্নাভকসমসের সিনিয়র কর্মকর্তা ভিতালি সাফোনভ, সার্জে বারাইকিন, আলেকজান্দার কাসনিন ও কিরিল প্লতনিকভ। এ ছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক, বিসিসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিসিএলের এমডি আজিজুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
