উদীচীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৩:৩৪ এএম

বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠার ৫১ বছর উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দেশে-বিদেশে উদীচীর সাড়ে তিনশ শাখায় আয়োজন করা হয় অনুষ্ঠান। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকেলে অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতীয় ও সংগঠন সংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উদীচীর বর্তমান সভাপতি ড. সফিউদ্দীন আহমেদ।

আলোচনা অনুষ্ঠানে উদীচীর সংস্কৃতিকর্মীদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে নানা ধরনের টালবাহানা চলছে বলে মন্তব্য করেন সংগঠনটির সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তিনি বলেন, ‘এখনো যশোর ও নেত্রকোনা বোমা হামলার বিচার হয়নি। উদীচীকে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে কম। সংস্কৃতি খাতে রাষ্ট্রের অবহেলা মেনে নেওয়া যায় না।’ সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, ‘চলমান অস্থির সময়ে উদীচীই পারে মানুষের মাঝে সাংস্কৃতিক বোধের বিকাশ ঘটাতে। এই সাংস্কৃতিক বোধ দিয়েই সব অপশক্তিকে রুখে দিতে হবে।’ সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিকী রানা বলেন, ‘হৃদয় দিয়েই উদীচী করতে হয়। নিজেকে ও দেশকে আলোকিত করতে উদীচীর সঙ্গে থাকতে হবে।’

আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। গণসংগীত পরিবেশন করেন উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিম এবং আবৃত্তি পরিবেশন করেন অলোক বসু ও উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন। সংগীত পরিবেশন করেন অংশুমান দত্ত, তুহিন কান্তি দাস। সবশেষে পরিবেশিত হয় গীতিনৃত্যালেখ্য ‘ভালবাসা ও প্রশান্তির পৃথিবী’। উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম অনুষ্ঠান সঞ্চালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত