সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডেই থাকতে হচ্ছে, আপাতত দশম গ্রেড পাচ্ছেন না। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ উচ্চপর্যায়ের পদগুলো আপগ্রেড হলে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হবে। সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে সৃষ্ট সমস্যার প্রসঙ্গ তোলেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। প্রধানমন্ত্রী দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। জবাবে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সচিব বলেন, ‘আপাতত প্রধান শিক্ষকদের ১১তম আর সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড দেওয়া হবে। আমরা নতুন নিয়োগ বিধির সুপারিশ করেছি। ওই নিয়োগ বিধি বাস্তবায়ন হলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের পদটি নবম গ্রেডে উন্নীত হবে। সেটা হলেই আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্কেল আপগ্রেড করে ১০ গ্রেড করতে পারব।’
কমিটির সদস্য আলী আজম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি সরকারের উচ্চপর্যায়ের বিবেচনাধীন আছে। শিগগিরই এর একটা সুরাহা হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বিধি ১৯৮৫’ সংশোধনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন বিধিমালায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নবম গ্রেড দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ পদে সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে পদায়নের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত বিধিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পদ সপ্তম গ্রেড করা হয়েছে। পদটি পুরোপুরি পদোন্নতির মাধ্যমে নিয়োগের কথাও বলা হয়েছে। বিধিতে পর্যায়ক্রমে অন্যান্য পদও আপগ্রেড করার সুপারিশ করা হয়েছে। এই বিধিমালায় প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
মৌলিক সাক্ষরতা প্রকল্প নিয়ে অসন্তোষ : বৈঠকে মৌলিক সাক্ষরতা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গঠিত সংসদীয় সাব-কমিটির সর্বশেষ কার্যক্রম কমিটিতে তুলে ধরা হয়। জানা গেছে, বৈঠকে সাব-কমিটির একাধিক সদস্য মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে শিক্ষাবঞ্চিত ১৫ বছরের বেশি বয়সীদের (১৫+) ছয় মাসের শিক্ষা দেওয়ার মাধ্যমে নিজের নাম লেখাসহ সাক্ষরজ্ঞানসম্পন্ন (পত্রিকা পড়ার মতো) করে তোলার কথা থাকলেও সেটা আদৌ হচ্ছে না। কাঙ্ক্ষিত ফল লাভ না হলেও চলমান প্রকল্পের অর্ধেক টাকা ইতিমধ্যে ছাড় হয়েছে। বাকি টাকা ছাড়ের চেষ্টা করা হচ্ছে। সাব-কমিটি এসব প্রকল্প এলাকার শিক্ষাকেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেবে। এর আগে টাকা ছাড় না দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সাব-কমিটির সদস্য আলী আজম বলেন, ‘আমরা সাব-কমিটি এ বিষয়ে কাজ করছি। সবগুলোতে সম্ভব না হলেও আমরা দৈবচয়নের মতো করে কতগুলো কেন্দ্রে যাব। তারপর সার্বিক বিষয়ে প্রতিবেদন দেব। আমাদের প্রতিবেদন না দেওয়ার আগে তাদের টাকা ছাড় না দিতে বলা হয়েছে।’ বৈঠকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৪ জেলায় চলমান মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রমের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তদারকির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে বৈঠকে।
কমিটির আগের বৈঠকে (১৮ সেপ্টেম্বর) মৌলিক সাক্ষরতা প্রকল্পের কর্মকাণ্ড নিয়ে কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। ওই সাব-কমিটিকে দেশের চলমান মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রম ও নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়গুলোর ৬৫ শতাংশ শিক্ষার্থী রিডিং পড়তে পারে কি না, সেই বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীনে দেশের ৬৪ জেলার ১৩৪টি উপজেলায় ২১ লাখ শিক্ষার্থীকে সাক্ষরজ্ঞানসম্পন্ন করে তোলার কথা রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধায়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলো (এনজিও) এসব শিক্ষাকেন্দ্র পরিচালনা করে।
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম এবং ফেরদৌসী ইসলাম অংশ নেন।
