সুদানের জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতি

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০২:৩৬ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আরবি ভাষায় জীবনী সংযুক্ত করে তা স্থাপন করা হয়েছে সুদানের দারফুরে নিয়ালা জাদুঘরে। গত মঙ্গলবার দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ (রোটেশন-১১)-এর কর্মকর্তারা ওই সব প্রতিকৃতি জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

প্রতিকৃতি হস্তান্তর অনুষ্ঠানে রোটেশন-১১-এর কমান্ডার মোহাম্মদ আবদুল হালিম জাতির পিতা ও তার পরিবারের সব সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট ও সুদান সরকারের মধ্যে সুহৃদপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

মিশনে থাকা ফরমড পুলিশ ইউনিট-১-এর সহকারী পুলিশ সুপার মাসুক মিয়া জানান, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ালার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আল-আমির মুহাম্মদ আহমেদ আবুন্দ, নিয়ালা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইয়াছিন, দারফুর জাদুঘরের কিউরেটর আহমাদ আল সালাহ।

দারফুর জাদুঘরের কিউরেটর আহমাদ আল সালাহ জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সুদানে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত