ভারতীয় ক্রিকেটের নির্বাচক কমিটির কড়া সমালোচনা করেছিলেন দেশটির সাবেক উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার। যেখানে এসেছে বিরাট কোহলি পত্নী বলিউড তারকা আনুশকা শর্মার নাম। বিশ্বকাপ চলাকালে এক নির্বাচক আনুশকাকে চা সার্ভ করতে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেন দেশটির সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক ফারুখ।
এমন মন্তব্যে বেশ আলোড়ন তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে। যেখানে আনুশকা শর্মার নাম আসায় চুপ করে বসে থাকেননি তিনি। টুইটার বিশাল এক বিবৃতি পোস্ট করে কড়া জবাব দিয়েছেন ফারুখ ইঞ্জিনিয়ারের মন্তব্যের।
আনুশকা বলেন, এগারো বছরের ক্যারিয়ারে অনেক চুপ থেকেছি। এবার আর না। এমনকি চা নয়, নিজে কফি পছন্দ করেন বলেও মন্তব্য করেন আনুশকা।
ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি বলেন, ‘মিথ্যা ও মনগড়া কাহিনির বিপক্ষে বরাবরই চুপ থেকে এসেছি। এভাবেই বিগত এগারো বছর ধরে নিজের ক্যারিয়ার সামলে এগিয়েছি। তবে বলা হয়, একটা মিথ্যা নাকি বারবার বললে তা সত্যির রূপ নয়। সেই আশঙ্কাই আপাতত আমার। তাই আজ আর নয়...।’
ভারতীয় ক্রিকেটে বরাবরই আলোচিত নাম আনুশকা। বিরাট কোহলির সঙ্গে বিয়ের পূর্বেও কোহলির বান্ধবী হওয়ার সূত্রে প্রায়ই তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের বাজে পারফরম্যান্সের জন্য আনুশকাকে অপয়া অপবাদও শুনতে হয়েছিল।
এবার ফারুখ ইঞ্জিনিয়ার তার নাম আনায় আনুশকা তাই খেপেছেন বলতে হবে। বিবৃতিতে লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে মিথ্যা দাবিকে তুলে ধরা হয়েছে। বলা হয় আমি নাকি দলের নির্বাচনী বৈঠকে থাকি। ক্রিকেটারদের জন্য বোর্ডের বরাদ্দ ফ্যামিলি-টাইম থেকে বেশি বিদেশ সফরে থাকি। বোর্ডের তরফে অনৈতিক সুযোগ-সুবিধা আমাকে দেওয়া হয়। এমন গল্প প্রায়ই বলা হয়। ঘটনা হলো নিজের বিদেশ যাত্রার টিকিট আমি নিজেই কাটি।’
এত দিন চুপ ছিলাম উল্লেখ করে আনুশকার কড়া বার্তা, ‘এত দিন চুপ করে ছিলাম। দল নির্বাচন নিয়ে সমালোচনা করতে চান, করুন। তবে আমার নাম অহেতুক জড়াবেন না। জানিয়ে রাখতে চাই- চা নয়, আমি কফি পান করি।’
