বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তারা ভূমিকা রাখছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, তারা এখন সকল ক্ষেত্রে এগিয়ে আছে। লেনদেনের ক্ষেত্রে তারা অত্যন্ত স্বচ্ছ। আর ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে পুরুষের চেয়েও নারীরা এগিয়ে আছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামে উইমেন চেম্বারের মাসব্যাপী ১৩তম ইন্টারন্যাশনাল উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত এই মেলায় বাংলাদেশ ছাড়াও ইরান, ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, বাহরাইন ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে রিপাবলিক অফ ইন্দোনেশিয়া।
বাণিজ্য মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করবে। এতে বন্দরের রাজস্ব আয়ের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। চট্টগ্রামকে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে ১৩ টন পণ্য পরিবহন নিয়ে যে সংকট চলছে তার সমাধান করা হবে।
চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মালয়েশিয়ান ওয়ার্ল্ড চেম্বারের সভাপতি ড. দাতিন মালিগা সূরা-মানিয়াম, ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের সভাপতি ড. আসিফ ইকবাল, এশিয়ান আরব চেম্বারের সভাপতি প্রিন্সেস ফে জাহানারা, দি রিপাবলিক অফ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রিনা পি সোমারনো। উইমেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও মেলার চেয়ারপারসন ডা. মুনাল মাহবুব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
