আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ে ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এজন্য দেশের জনগণকে কিছু করতে হবে না। নিজেদের দুর্নীতির ভারেই তাদের পতন হবে। বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
মওদুদ আহমদ বলেন, ‘এক বছর আট মাস হলো আমাদের নেত্রী কারাগারে বন্দি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছয় হাজার মাইল দূরে আছেন। লক্ষাধিক মামলায় ২৬ লাখের ওপরে দলীয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তারপরও বিএনপি টিকে আছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘দুর্নীতিপরায়ণ এ সরকারের পতন হতে বাধ্য, অবশ্যই পতন হবে। আমাদের নেত্রী মুক্তি পাবেন, দেশে গণতন্ত্র ফিরে আসবে। আইনের শাসন ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।’
