কাশ্মীর পরিস্থিতি ‘টেকসই নয়’ বললেন মেরকেল

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০৯:৪৭ এএম

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ‘টেকসই’ নয় মন্তব্য করে এ পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

তিন দিনের ভারত সফরে সঙ্গী হওয়া সাংবাদিকদের কাছে শুক্রবার নয়াদিল্লিতে এমন উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দ্য হিন্দু জানায়, ‘সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন’সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দিল্লি এবং বার্লিন একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হওয়ার কয়েক ঘণ্টা পরই এমন মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর।

তিনি বলেন, ‘কাশ্মীরের জনগণের জন্য এখনকার সময়টা ভালো নয় এবং টেকসই নয়। নিশ্চিতভাবে এই পরিস্থিতির উন্নতি হতে হবে।’

 কর্মকর্তারা জানান, হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি। তবে শুক্রবারের নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জম্মু-কাশ্মীর নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানার কথা ছিল মেরকেলের।

হিন্দুত্ববাদী বিজেপি সরকার গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ সাংবিধানিক ও রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার পর ভারত শাসিত অঞ্চলটি কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে। কড়া কারফিউর পাশাপাশি সেখানকার টেলিফোন, ইন্টারনেট এবং সংবাদপত্র পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত