ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীসহ আট ছাত্র প্রতিনিধির ভর্তি বাতিল ও ডাকসু নির্বাচনের ফলাফল স্থগিত করতে আইনি নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। গত রবিবার ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী রাশেদ খানের পক্ষে উপাচার্য আখতারুজ্জামানের কাছে এই আইনি নোটিস পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য নজরুল ইসলাম, সদস্য মুহাম্মদ মাহমুদুল হাসান, সদস্য রকিবুল হাসান রাকিব, সদস্য নিপু ইসলাম তন্বী এবং স্যার এ এফ রহমান হলের সহসভাপতি (ভিপি) আবদুল হালিম খান।
এই আট শিক্ষার্থীর ভর্তি ‘অবৈধ’ এবং তাদের ডাকসু নির্বাচনের ফল স্থগিত করে এই ‘অনৈতিক’ ও ‘অবৈধ’ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত করে বের করাসহ এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গৃহীত ব্যবস্থার কথা জানাতে বলা হয়েছে নোটিসে।
