সপ্তাহে তিনদিন ছুটি দিয়ে ৪০ শতাংশ বেশি লাভ মাইক্রোসফটের

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১০:১২ এএম

জাপানে সপ্তাহে চার কর্মদিবস চালু করলে কর্মীরা মাইক্রোসফটকে সাধারণ সময়ের থেকে ৪০ শতাংশ বেশি কাজ ‘উপহার’ দিয়েছেন।

গত কয়েক দিন ধরে চার কর্মদিবসের বিষয়টি নিয়ে পৃথিবীজুড়ে আলোচনা চলছে। ঠিক সেই সময়ে বিবৃতির মাধ্যমে নিজেদের সাফল্যের কথা জানাল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অন্য প্রতিষ্ঠান যখন তার কর্মীদের সপ্তাহে সাতদিন কাজ করার মানসিকতা রাখতে পরামর্শ দেয়, তখন মাইক্রোসফটের এই পদক্ষেপ ব্যবসায়ীদের কাছে বিরল অভিজ্ঞতা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গ্রীষ্মে জাপানে তারা ‘ওয়ার্ক লাইফ চয়েজ চ্যালেঞ্জ’ স্লোগান নিয়ে প্রোগ্রামটি চালু করে। আগস্টের প্রতি শুক্রবার অফিস থেকেছে বন্ধ, সঙ্গে দেওয়া হয়েছে অতিরিক্ত ছুটি।

মাইক্রোসফটের বিবৃতি থেকে জানা গেছে, গত বছর এই সময়ে তাদের ‘বিক্রি’ যা ছিল, তার থেকে এবার ৪০ শতাংশ বেড়ে যায়।

নির্ধারিত চারদিনে মিটিং এবং ইমেইলের উত্তর দেওয়ার পেছনে কর্মীদের কম সময় ব্যয় করতে বলা হয়। কোনো মিটিং ৩০ মিনিটের বেশি হবে না বলে সবাইকে জানিয়ে দেওয়া হয়।

প্রথাগত মিটিংয়ের অভ্যাস বদলে মাইক্রোসফটের নিজস্ব মেসেজিং অ্যাপে সবাই আলাপ সারেন।

কোম্পানির এমন নিয়মে কর্মীরা যারপরনাই খুশি। জাপানে কর্মরত মাইক্রোসফটের ২২৮০ জন কর্মীর মধ্যে ৯০ শতাংশ জানিয়েছেন, নতুন নিয়ম তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সপ্তাহের ‍শুরুতে অফিস বন্ধ থাকায় বিদ্যুতের অপচয়ও কম হয়েছে।

অতিরিক্ত কাজের বিষয়টি জাপানে আলোচনার ঝড় তোলে ২০১৫ সালের দিকে। দেশটির একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মী কাজের চাপে বড়দিনের অনুষ্ঠানের ভেতর আত্মহত্যা করেন।

দুই বছর বাদে জাপানের এক নারী সাংবাদিক আত্মহত্যা করেন। তার সহকর্মীরা পরে জানান, মৃত্যুর আগে ওই সাংবাদিক ১৫৯ ঘণ্টা কাজ করেছেন!

মাইক্রোসফট জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে আরেকবার এই নিয়ম চালু করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত