পুলিশ-জনতা সংঘর্ষ: আরও ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৮:২৮ পিএম

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে মাসুম বিল্লাহ (২২) ও চরফ্যাশন কোর্টের সামনে থেকে নাঈম (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

ভোলা জেলা আদালতের পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তার দুজনকে বুধবার দুপুরে ভোলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে এদিন আদালতে শুনানি না হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

‘ধর্ম অবমাননার’ অভিযোগ এনে ২০ অক্টোবর বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচার দাবিতে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়।

পুলিশ বলছে, বিপ্লব চন্দ্র বৈদ্য নামে এক যুবকের হ্যাক হওয়া ফেইসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত। এর প্রেক্ষিতে পুলিশের ওপর হামলার অভিযোগে বোরহানউদ্দিন থানায় অজ্ঞাত পরিচয়ের পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত