লক্ষ্ণৌ স্পিননির্ভর পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে চেয়েছিল আফগানিস্তান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। রস্টন চেজ ও শেই হোপের ১৬৩ রানের জুটিতে আফগানদের বিপক্ষে অনায়াসে জিতেছে ক্যারিবীয়রা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে এগিয়ে গেছে উইন্ডিজ।
ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ১৯৪ রানে অলআউট হয়। জবাবে ৩ উইকেটে ১৯৭ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। অথচ ২৫ রানে ২ উইকেট হারাতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ওই বিপদে সময় নিয়ে এগোতে থাকেন চেজ ও হোপ। উইকেটে সেট হয়ে গেলে রশিদ ও মুজিবদের স্পিনও স্বচ্ছন্দে খেলতে শুরু করেন দুজনে। অসাধারণ খেললেও অল্পের জন্য ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি মিস করেন চেজ। ১১৫ বলে ৯৪ রানে ফেরেন তিনি। তবে হোপ সপ্তম ওয়ানডে হাফসেঞ্চুরির পথে ১৩৩ বলে ৭৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।
নিজেদের ইনিংসের মাঝপথে আফগানিস্তান দারুণ এগোচ্ছিল রহমত শাহ ও ইকরাম আলিখিলের ব্যাটে। দুজনে ১১১ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। কিন্তু আলিখিল ৫৮ রানে হাস্যকরভাবে রানআউট হলে পথ হারায় আফগানরা। সতীর্থ রহমত শাহ হাফসেঞ্চুরি করলে তাকে অভিনন্দন জানাতে ছুটে যান আলিখিল। কিন্তু তখনো বল ফিল্ডারের হাত থেকে উইকেটরক্ষকের হাতে এসে পৌঁছায়নি। আলিখিল সিঙ্গেল পূর্ণ করে বল আসার আগেই চলে যান রহমতের কাছে। এই সুযোগে বল হাতে পেয়ে তাকে রানআউট করেন হোপ। পরে রহমত ৬১ রানে ফিরলে বিপদে পড়ে আফগানরা। নিচের দিকে আসগর আফগান ৩৫ রান করেন।
