গ্রেড পরিবর্তনের দাবিতে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা জানিয়েছেন, কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেলেই তারা ক্লাসে ফিরে যাবেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেনের সঙ্গে বৈঠকে তারা এ কথা জানান।
বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ঐক্য পরিষদের ৬ সদস্য অংশ নেন। সচিব তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং সমাপনী পরীক্ষা বর্জনের ঘোষণা থেকে সরে আসার অনুরোধ জানান। তবে পূর্বঘোষণা অনুযায়ী সমাপনী পরীক্ষা বর্জনের পক্ষে
অটল রয়েছেন শিক্ষকরা।
বৈঠক শেষে পরিষদের প্রধান আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ বলেন, ‘আমরা সচিবের কথায় সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ ঠিক করার আগ পর্যন্ত আন্দোলন চলবে।’ তিনি আরও বলেন, ‘শুক্রবার আমাদের সাধারণ সভা আছে। সেখানে পরবর্তী করণীয় ঠিক করা হবে। প্রধানমন্ত্রী আমাদের থেকে সমস্যা ও বৈষম্য শুনলে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। তিনি যে গ্রেড দেবেন, আমরা মেনে নেব। সমাপনী পরীক্ষার আগে সিদ্ধান্ত এলে, অবশ্যই পরীক্ষা নেব। না হলে পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।’
এর আগে শিক্ষকরা গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে একই দাবি তুলে ধরেন। তারা প্রাধন শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড মেনে নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস চান।
