যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে পারেন দেশটির ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। চলতি সপ্তাহেই তিনি নির্বাচনে দাঁড়ানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানিয়েছে বিবিসি।
নিউ ইয়র্কের সাবেক মেয়র ব্লুমবার্গ মনে করেন, আগামী নির্বাচনে ট্রাম্পকে হারানোর মতো যোগ্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই নিজেই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
সাম্প্রতিক জরিপে দেখা যায় ওয়ারেন ও বার্নি স্যান্ডার্সের কারোরই ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানোর মতো জনপ্রিয়তা নেই। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিনজন রিপাবলিকানও। তবে তাদের কারও ট্রাম্পকে সরিয়ে নির্বাচন করার সম্ভাবনা নেই বললেই চলে।
মাইকেল ব্লুমবার্গ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ফোর্বসের হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার, যা ট্রাম্পের সম্পদের প্রায় ১৭ গুণ (৩১০ কোটি)। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কোটি কোটি ডলার সহায়তা করেছেন তিনি। রাজনীতিতেও বেশ সফল ব্লুমবার্গ। তিনবার নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২০ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধী ডেমোক্রেটিক দলের ১৭ জন নেতা ২০২০ সালের নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে জনপ্রিয়তার বিচারে তাকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন।
