ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের জনসম্পৃক্ততামূলক কর্মসূচি গ্রহণ করতে উপকূলীয় জেলাগুলোতে পুলিশের সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল শনিবার বিকেলে সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ের ইউনিটগুলো তৎপর রয়েছে। তারা সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষ যাতে ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক হন এবং দ্রুততার সঙ্গে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন, সেই জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে সচেতন করছেন।
এআইজি আরও বলেন, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পুলিশ সদস্যরা সাধারণ মানুষদের আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। আশ্রয় নেওয়া মানুষের মধ্যে সরকার প্রদত্ত ত্রাণের সুষ্ঠু বণ্টনের জন্য সব রকমের সহযোগিতা দিচ্ছেন তারা। পুলিশের জেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সেখান থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি নজরদারি করে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে প্রতিটি পুলিশ লাইননে প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। তাছাড়া, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে দ্রুততম সময়ে সব ধরনের উদ্ধারকাজ সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
আর এজন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমে ০১৭৬৯৬৯০০৩৩ / ০১৭৬৯৬৯০০৩৪ নম্বরে ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
