বৃষ্টির বাগড়ায় কমে এসেছিল ম্যাচের দৈর্ঘ্য। তাতে উত্তেজনার পারদ কমেনি এতটুকুও। যেন বিশ্বকাপের ফাইনালের পুনঃ মঞ্চায়ন। শ্বাসরুদ্ধকর লড়াই শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। তাতে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
জনি বেয়ারস্টো ও ইয়ন মর্গানের ব্যাটে সুপার ওভারে ১৭ রান পায় ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড করে মাত্র ৮ রান। ৯ রানের রোমাঞ্চকর জয়ে পাঁচম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
অকল্যান্ডের ইডেন পার্কে রোববার টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ১১ ওভারে পাঁচ উইকেটে করে ১৪৬ রান। ২০ বলে তিন চার ও পাঁচ ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। ২১ বলে দুই চার ও চার ছক্তায় ৪৬ রান করেন অপর ওপেনার কলিন মুনরো। ১৬ বলে ৩৯ রান করেন টিম সেইফার্ট।
জবাবে সাত উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড। ১৮ বলে পাঁচ ছক্কা ও দুই চারে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার বেয়ারস্টো। অন্যদের মধ্যে স্যাম কারেন ২৪, অধিনায়ক ইয়ন মর্গান ১৭ রান করেন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও জেমস নিশাম।
দল দুটির সামনে এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২১ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে হ্যামিল্টনে, ২৯ নভেম্বর।
