শোয়েব চৌধুরীর বিরুদ্ধে এক্সিম ব্যাংক পরিচালকের মামলা

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০৩:০৮ এএম

এশিয়ান এইজ পত্রিকার সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান শোয়েব চৌধুরীসহ পত্রিকাটির পাঁচজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক্সিম ব্যাংকের পরিচালক ও নাসা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম। গতকাল সোমবার মহানগর মুখ্য হাকিমের আদালতে মামলা করার পর বিচারক তা আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা

হলেন এশিয়ান এইজের এডিটর-ইন-চিফ ড. জেসমিন চৌধুরী, এডিটর-ইন-চার্জ সৈয়দ বদরুল আহসান, এডিটর-এট-লার্জ অভিরুক সেন, পত্রিকাটির প্রকাশক মো. আল আমিন চৌধুরী ও রিপোর্টার পি আর বিশ্বাস।

পত্রিকাটিতে দেশের বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদ প্রকাশের অভিযোগে মামলা করেছেন বলে জানান সিরাজুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে মো. নজরুল ইসলাম মজুমদার গতকাল দেশ রূপান্তরকে বলেন, শোয়েব চৌধুরী উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিকৃত সংবাদ প্রকাশ করেছেন। এ কারণেই মামলা করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে গত রাতে শোয়েব চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এশিয়ান এইজ পত্রিকায় গত ২৪ অক্টোবর মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়, যাকে পুরোপুরি ‘মিথ্যা, ভিত্তিহীন, বিকৃত, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন হিসেবে মামলায় উল্লেখ করেছেন লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম। ওই প্রতিবেদন প্রকাশের ফলে দেশ ও বিদেশে মো. নজরুল ইসলাম মজুমদার হেয়প্রতিপন্ন হয়েছেন এবং তার মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত