বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জ্যেষ্ঠ নেতারা দল ছাড়ছেন বলে মনে করেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্প্রতি বলেছেন, বিএনপি হচ্ছে একটি বটগাছ, যার নিচে মানুষ আসবে, বিশ্রাম নিয়ে চলে যাবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গয়েশ্বর বাবুর এ মন্তব্যের পর অনেকেই প্রশ্ন করেছেন, গয়েশ্বর বাবু নিজে কখন বিএনপির গাছতলা থেকে চলে যাবেন?’ হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি থেকে তাদের সিনিয়র নেতৃবৃন্দ দল ত্যাগ করে চলে যাচ্ছে, বিএনপি ছেড়ে যাচ্ছে, সেই ছেড়ে যাওয়া লিস্টে আরও বহুজন আছে। এই হতাশাজনক পরিস্থিতিতে গয়েশ্বর বাবু হতাশা কাটাতে আর আত্মতুষ্টির জন্য এই কথা বললেও তাদের দল ত্যাগ করা তারা ঠেকাতে পারবেন না।’ বিএনপি নেতিবাচক রাজনীতি করে অভিযোগ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে রাজনীতি হচ্ছে ব্রত, রাজনীতি হচ্ছে মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য। কিন্তু তাদের রাজনীতি গত ১১ বছরে মানুষের কল্যাণে আবর্তিত হয়নি। তাদের রাজনীতি সব সময় আবর্তিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং খালেদা জিয়া-তারেক রহমানের মামলা-মুক্তি এই বিষয়গুলো নিয়েই।’
রোহিঙ্গাদের নির্যাতনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে মামলাটি করেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘গাম্বিয়া আসলে ওআইসির সিদ্ধান্তক্রমে মামলাটি করেছে। আপনারা জানেন, কিছু দিন আগে ওআইসি সম্মেলনের সিদ্ধান্তক্রমে গাম্বিয়া ওআইসির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা দায়ের করে এবং এই মামলার সঙ্গে ৫৬টি ওআইসিভুক্ত দেশের রেজুলেশন যুক্ত আছে।’
শহীদ নূর হোসেনকে উদ্দেশ করে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার অবমাননাকর মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নূর হোসেন হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তিনি ১৯৯০ সালের ১০ নভেম্বর বুকে লিখেছিলেন– স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তিনি জীবন্ত পোস্টার হয়ে তখনকার স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সে কারণেই তাকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছিল।’ তিনি বলেন, ‘তার সম্পর্কে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য। তবে মশিউর রহমান রাঙ্গা যে তা বুঝতে পেরেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি গতকাল তার এই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ও বলেছেন যে, তার এই বক্তব্য সঠিক হয়নি।’
