ফরিদপুরের মধুখালীতে সবজিবোঝাই পিকআপচাপায় তিন শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে দুজন নিহত হয়েছে ইলিশ মাছ বহনকারী ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে। এ ছাড়া সাতক্ষীরার পাটকেলঘাটায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেলচালক, পঞ্চগড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থী, চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ছয় বছর বয়সী শিশু, বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র ও নওগাঁর বদলগাছীতে ট্রাকচাপায় নারী নিহত হয়েছেন। কুমিল্লায় মারা গেছেন পুলিশ কর্মকর্তা। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
ফরিদপুরের মধুখালী উপজেলায় সবজিবোঝাই পিকআপচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে দুজন ও অপর দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মধুখালীর পাঁচ কোরকদী পালপাড়ার অযোধ্যা পালের স্ত্রী দিপালী পাল (৬০), সঞ্জয় পালের ছেলে জয় পাল (৮) এবং তাপস পালের মেয়ে ঝিনুক পাল (৫) ও ছেলে
কৌশিক পাল (১২)। সহোদর তাপস পাল ও সঞ্জয় পাল সেনাবাহিনীতে কর্মরত।
মধুখালী থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান জানান, পরিবারের সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী দাসপাড়ায় নামযজ্ঞানুষ্ঠান শুনে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ইলিশ মাছ বহনকারী ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কক্সবাজার সদর উপজেলার নতুন বাহারচর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে সৈয়দ হোসেন।
সাতক্ষীরার পাটকেলঘাটায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারসংলগ্ন আচিনতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম অমিত দেবনাথ (৫২)। তালা উপজেলার খলিশাখালী গ্রামের জগেন্দ্র দেবনাথের ছেলে অমিত পেশায় বই ব্যবসায়ী ছিলেন।
পঞ্চগড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মারা গেছে ফাহিম (৬)। গতকাল দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেকরমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম চেকরমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার শহিদুলের ছেলে।
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শোভন আলী (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন আলী সদর উপজেলার ছোট আড়িয়া গ্রামের খবির উদ্দীনের ছেলে।
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনামুল হক নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এনামুল শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া টুয়াপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে ও বগুড়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চকজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁর বদলগাছী উপজেলায় ইটবোঝাই ট্রাকচাপায় আঞ্জুয়ারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের রোকনপুর পাকা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা বেগম উপজেলার মিঠাপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
