অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অনলাইন ক্যাসিনো কারবারি সেলিম প্রধানকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
গত ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন
জানান। এরপর আসামির উপস্থিতিতে প্রথমে ৩ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করলেও ওই দিন সেলিম প্রধান অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে ১৩ নভেম্বর (গতকাল) ধার্য করা হয়। শুনানিকালে সেলিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব-১। এরপর সেলিমের গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ওই দিনই সেলিম প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা হয়। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
