দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং চালকের অদক্ষতাকে নৌ দুর্ঘটনার প্রধান কারণ উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৯৭৬ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৪৩ বছরে ৬৫৭টি নৌ দুর্ঘটনায় ৪ হাজার ৭১১ জনের প্রাণহানি ঘটেছে।
জাতীয় সংসদের অধিবেশনকালে গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্যদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করছেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সাল থেকে নৌ দুর্ঘটনার তথ্য রেকর্ড করা হয়েছে। তখন থেকে এ পর্যন্ত নৌ দুর্ঘটনার সংখ্যা ৬৫৭টি। এসব দুর্ঘটনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৪ হাজার ৭১১ জন। এছাড়া আহত ও নিখোঁজের সংখ্যা যথাক্রমে ৫৩৯ ও ৪৮২ জন।
সংসদে দেওয়া তথ্যমতে, ১৯৮৬ সালে ১১টি দুর্ঘটনায় ৪২৬, ১৯৯০ সালে ১৩টি দুর্ঘটনায় ১৬৮, ১৯৯৩ সালে ২৪টি দুর্ঘটনায় ১৮৩, ১৯৯৬ সালে ২০টি দুর্ঘটনায় ১৪৭, ২০০০ সালে ৯টি দুর্ঘটনায় ৩৫৩, ২০০২ সালে ১৭টি দুর্ঘটনায় ২৯৭, ২০০৩ সালে ৩১টি দুর্ঘটনায় ৪৬৪, ২০০৫ সালে ২৮টি দুর্ঘটনায় ২৪৮, ২০০৯ সালে ৩৪টি দুর্ঘটনায় ২৫১ ও ২০১২ সালে ১৫টি দুর্ঘটনায় ১৬৩ জনের মৃত্যু হয়। এছাড়া ১৯৭৬ সালে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি।
