গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে তথ্য যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এই গণবিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হচ্ছে। যার ফলে জনশৃঙ্খলার অবনতি ঘটার পাশাপাশি ব্যক্তিগত সুনাম ক্ষুণম ও সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। জনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অস্থিরতা রোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রতি সরকার যথেষ্ট আস্থাশীল। এরই আলোকে এসব স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানানো হয়।
